
নিজস্ব প্রতিবেদকঃ
সাভার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাহাদুর মার্কেট মোল্লা মার্কেট ভাঙ্গার পাড় বটতলা ময়লার মোড় ব্যাংক টাউন ও পাগলার মোড় টিয়া বাড়ি বালুর মাঠ ও সিটিলেন আনন্দপুর তেলের পাম্পের পিছনে ঘাস মহল তুহিনের প্রজেক্টে এখন মাদকের আতুরঘর হিসেবে পরিচিতি পাচ্ছে। অভিযোগ রয়েছে, প্রকাশ্যে চলছে মাদক কেনাবেচা এবং প্রতিনিয়ত বাড়ছে নতুন নতুন মানুষের আনাগোনা। স্থানীয়দের দাবি, প্রশাসনের নজরদারি বাড়লেও অদৃশ্য কারণে থামছে না এই অবৈধ বাণিজ্য।
এদিকে, এলাকায় মাদক নির্মূলে ১০০ দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছেন সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। তবে বাস্তবে এর প্রভাব খুব একটা চোখে পড়ছে না বলে অভিযোগ এলাকাবাসীর।
স্থানীয় সূত্রে জানা যায়, কিছু বিএনপি নেতা-কর্মীর ছত্রছায়ায় এই মাদক ব্যবসা পরিচালিত হচ্ছে। যদিও এ অভিযোগ অস্বীকার করে সাভার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, “মাদক বিক্রেতা এবং সেবনকারী—সে আততায়ী হোক বা নিজের সন্তান—কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “এলাকার সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মাদক বিক্রেতা ও সেবনকারীদের নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
এলাকাবাসী দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান চান। তাদের মতে, কার্যকর অভিযান ও রাজনৈতিক সদিচ্ছা ছাড়া মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব নয়।