
নিজস্ব প্রতিবেদকঃ
সাভারে ভাড়াবাসায় নিত্যনতুন নারী আনার অভিযোগ, স্বামী-সন্তানের কথা ভেবে ফিরে যেতে আকুতি
সাভারের নাবাকেন্ডা এলাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে সহজ-সরল গার্মেন্টসকর্মী নারীদের সঙ্গে সম্পর্ক গড়ে তাদের সংসার ভাঙার অভিযোগ উঠেছে নুর আলম নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে, নিজেকে অত্যন্ত সহজ-সরল, দায়িত্ববান ও অবিবাহিত হিসেবে উপস্থাপন করে বিভিন্ন নারীর আস্থা অর্জন করেন তিনি। পরে বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক গড়ে একপর্যায়ে তাদের ছেড়ে দেন।
স্থানীয়দের অভিযোগ, নুর আলম বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে সেখানে নিত্যনতুন নারীকে নিয়ে আসেন। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরেই সন্দেহ ছিল।
সম্প্রতি সাভারের নামাগেন্ডা এলাকায় এমনই একটি ঘটনা সামনে আসে। স্থানীয়দের ভাষ্য, নুর আলম একটি ভাড়া বাসায় এক নারীকে নিয়ে আসেন। ঘন্টাখানেক পরে নারীকে নিয়ে স্থানীয় ভাড়াটিয়াদের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় ওই নারী জানান, তিনি অন্যের স্ত্রী এবং তার একটি কন্যাসন্তান রয়েছে।
অভিযোগ রয়েছে, বিয়ের প্রলোভন ও নানা কথায় ওই নারীকে তার স্বামী-সন্তান থেকে দূরে সরিয়ে আনার চেষ্টা করা হয়েছিল। বিষয়টি জানাজানি হলে ওই নারীর স্বামী সন্তানের ভবিষ্যতের কথা তুলে ধরে তাকে পরিবারের কাছে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করেন। একপর্যায়ে তিনি ওই নারীকে সংসারে ফিরে নেওয়ার জন্য কাকুতি-মিনতি করেন বলেও স্থানীয়রা জানান।
স্থানীয় বাসিন্দারা বলছেন, এ ধরনের ঘটনায় শুধু একটি পরিবার নয়, একটি শিশুর ভবিষ্যৎও অনিশ্চয়তার মধ্যে পড়ে। তাই বিয়ের প্রলোভন দেখিয়ে নারীদের সঙ্গে প্রতারণা করা হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
তবে নুর আলমের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানা যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।
স্থানীয়দের দাবি, এ ধরনের ঘটনায় সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং ভুক্তভোগী নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা হোক।