
স্টাফ রিপোর্টার, মোঃ জুলহাস (গাজীপুর):
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পল্লী বিদ্যুৎ ছাত্তার গেট সংলগ্ন মারকাযুত তাহফিজ শফিক ক্যাডেট মাদ্রাসায় নাজেরানা বিভাগের শিক্ষার্থীদের কুরআন মাজিদের প্রথম সবক প্রদান, পরীক্ষার ফলাফল প্রকাশ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৭টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ কারী মাওলানা মুফতি শফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ তানভীর আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা মুফতি আজিজুল হক আরিফী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক ক্রাইম সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাজী আহনাফ হোসেন (দেলোয়ার), স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
অনুষ্ঠানে নাজেরানা বিভাগের শিক্ষার্থীদের কুরআন শিক্ষার অগ্রগতি তুলে ধরা হয় এবং পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা শিশুদের দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিক ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
পরে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় অভিভাবকরা মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে প্রতিষ্ঠানটির সার্বিক উন্নতি কামনা করেন।
অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।