
নিজস্ব প্রতিবেদকঃ
মহাসড়কে অটোরিকশা চলাচলের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল ৪টার দিকে উপজেলার সিরামিক কাটার এলাকা থেকে সফিপুর পর্যন্ত সড়কের দুই পাশে অটোরিকশা দাঁড় করিয়ে এ অবরোধ গড়ে তোলা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে মহাসড়কে অটোরিকশা চলাচলের অনুমতির দাবিতে আন্দোলন করে আসছিলেন শ্রমিকরা। দাবি পূরণ না হওয়ায় হঠাৎ করেই তারা সিরামিক কাটা এলাকা থেকে দুই পাশে অটোরিকশা দিয়ে রাস্তা বন্ধ করে দেন। এতে কালিয়াকৈর থেকে সিরামিক পর্যন্ত পুরো সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
অবরোধের ফলে সড়কে আটকা পড়ে শত শত যানবাহন। যাত্রীদের অনেকেই দীর্ঘ সময় ধরে ভোগান্তিতে পড়েন। কেউ কেউ বিকল্প সড়ক ব্যবহার করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন।
অটোরিকশা শ্রমিকদের দাবি, মহাসড়কে চলাচলের সুযোগ না থাকায় তাদের আয়-রোজগার মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দ্রুত এ বিষয়ে কার্যকর সিদ্ধান্ত না নিলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
এদিকে খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ চলছিল এবং যান চলাচল স্বাভাবিক করতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছিল।