
মোঃ রাজু আহমেদঃ
পবিত্র ঈদ উল ফিতর ২০২৬ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা ত্রিমুখী এলাকায় চন্দ্রা কেন্দ্রিক সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে চন্দ্রা এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশ সুপার মো. রহমত উল্লা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টারের ডিআইজি (অপারেশন-উত্তর) মো. রফিকুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার পুলিশ সুপার মো. শরীফ উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের গাজীপুরের নির্বাহী প্রকৌশলী খ. মো. শফিকুল আলম, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হুসাইন, বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) এস. এম. মাহফুজুর রহমান এবং সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির খানসহ বিভিন্ন পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও সর্বস্তরের জনগণ।
সভায় ঈদকে সামনে রেখে চন্দ্রা এলাকায় যানজট নিরসন, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, ঈদে লাখো মানুষ মহাসড়ক ব্যবহার করে রাজধানী থেকে বিভিন্ন জেলায় যাতায়াত করেন। তাই আগাম পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে যানজট কমিয়ে স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত
করা সম্ভব।
এ সময় নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সওগাত হোসেন বলেন যানজটের মুল কারণ রাস্তার পাশে দোকান পাট যেটাকে ঈদের আগেই উচ্ছেদ করতে হবে।
এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা ঈদে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।