
স্টাফ রিপোর্টার, কালিয়াকৈর (গাজীপুর):
জাতির বিবেক গঠনে শিক্ষার বিকল্প নেই। আর সেই লক্ষ্যকে সামনে রেখে সমাজ পরিবর্তনের প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন সাংবাদিক মোঃ মনিরুজ জামান। তার উদ্যোগে গড়ে ওঠা শাহীন স্কুল এন্ড কলেজ কেবল পাঠ্যবইয়ের গণ্ডিতেই সীমাবদ্ধ নয়; এখানে শিক্ষার্থীদের শেখানো হয় নৈতিকতা, নমনীয় আচরণ ও সত্য বলার সাহস।
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ট্রাক ইস্টার্ন সংলগ্ন এলাকায় অবস্থিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি ইতোমধ্যে স্থানীয় অভিভাবক মহলে আস্থা অর্জন করেছে। প্রতিষ্ঠানের মূল দর্শন—“শিক্ষা মানেই শুধু পরীক্ষায় ভালো ফল নয়, বরং একজন সৎ ও সচেতন নাগরিক তৈরি করা।”
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জানান, বর্তমান সমাজে নেতিবাচক আচরণ ও অসততার বিস্তার রোধে শিক্ষাঙ্গন থেকেই পরিবর্তনের সূচনা প্রয়োজন। তাই এখানে নিয়মিত নৈতিক শিক্ষা, শৃঙ্খলা চর্চা এবং সামাজিক সচেতনতা বিষয়ক কার্যক্রম পরিচালিত হচ্ছে। শিক্ষার্থীদের মাঝে সত্যবাদিতা, শিষ্টাচার ও পারস্পরিক সম্মানবোধ জাগ্রত করতে বিশেষ ক্লাস ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অভিভাবকদের মতে, একাডেমিক শিক্ষার পাশাপাশি চরিত্র গঠনের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তারা আশা প্রকাশ করেন, এই প্রতিষ্ঠান ভবিষ্যতে আদর্শ নাগরিক তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সমাজ পরিবর্তনের স্বপ্ন নিয়ে এগিয়ে চলা শাহীন স্কুল এন্ড কলেজ এখন হয়ে উঠছে এলাকার শিক্ষাবান্ধব এক অনন্য দৃষ্টান্ত। শিক্ষার আলোয় আলোকিত হোক সমাজ—এমন প্রত্যাশাই সংশ্লিষ্ট সবার।