
সাভার প্রতিনিধি:
পবিত্র ঈদকে সামনে রেখে সাভার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আলী।
বুধবার (১৮ মার্চ) সকাল ১০টায় ওয়ার্ডের নামা গেন্ডা এলাকার মোল্লা মার্কেটে প্রায় এক হাজার মানুষের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। এছাড়া প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং বিশ্ব মুসলিম উম্মাহর সুস্বাস্থ্য ও শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাভার পৌরসভা বিএনপির সভাপতি মোঃ মাইনুল হোসেন বিল্টুর সুস্থতা কামনা করা হয়।
এ সময় মোহাম্মদ আলী বলেন, “আমি সবসময় অসহায় ও অবহেলিত মানুষের পাশে থাকতে চাই। বাকি জীবন তাদের সুখ-দুঃখ ভাগাভাগি করে নিতে চাই। ৯ নম্বর ওয়ার্ডের একজন সেবক হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন।”
স্থানীয়দের মধ্যে এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখা হয়েছে। ঈদের আগে এমন সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেছেন।